বিশ্বকাপের শেষ ষোলোয় বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায় যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ না থাকার কথা ছিল। তবে ম্যাচের আগেই তার ওপর আরোপিত এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে ফিফা। ফলে আগামীকাল বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে আর কোনো বাধা থাকছে না এই মার্কিন ফরোয়ার্ডের।
ফিফা জানিয়েছে, সংস্থার ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদের আওতায় ডিসিপ্লিনারি কমিটি বিশেষ পরিস্থিতিতে কোনো নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখার ক্ষমতা রাখে। সেই বিধান অনুযায়ীই বালোগুনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিদ্ধান্তটি প্রকাশের পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে।
নিউইয়র্ক টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানোর পরই এই সিদ্ধান্ত আসে। যদিও এ বিষয়ে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
ফিফার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি সিদ্ধান্তটিকে ‘অযৌক্তিক, নজিরবিহীন ও দুর্বোধ্য’ উল্লেখ করে বলেছে, ফুটবলের মূল শক্তি এর নিরপেক্ষ নিয়মকানুন। এমন সিদ্ধান্ত সেই বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং ভবিষ্যতের জন্য উদ্বেগজনক নজির তৈরি করবে।
উয়েফার ভাষ্য, খেলায় নিয়মের ব্যাখ্যার সুযোগ থাকলেও শাস্তিমূলক নিষেধাজ্ঞার মতো বিষয়ে স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। বিশ্বকাপের মতো বড় আসরে এমন সিদ্ধান্ত প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতাকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছে সংস্থাটি। বিষয়টি নিয়ে অসন্তোষ জানিয়েছে বেলজিয়াম ফুটবল ফেডারেশনও। ফেডারেশনের দাবি, প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলের সমান অধিকার ও ফেয়ার প্লের নীতি রক্ষায় প্রয়োজনীয় সব আইনি ও সাংগঠনিক পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।
সূত্র : ইত্তেফাক