বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উগ্র ডানপন্থী বা ‘ফার-রাইট’ গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন।
আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার তীব্র সমালোচনা করেছেন।
ফেসবুকে মাহফুজ আলম লিখেছেন, রাইট উইং অ্যাক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ংকর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসেবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়!
তিনি আরো বলেন, গত দুই বছর কিভাবে ফার-রাইট এলেমেন্টস কথিত রাইট-উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট-পুষ্ট হইল, সেক্যুলার-মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখল এবং কাদের আশকারায়-‘শরিকানা’য় এ সকল ফার-রাইট এলেমেন্টস জুলাইকে একটা ‘ইসলামী’-‘ঐতিহ্যবাদী’-‘পুনর্জাগরণবাদী’ বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে-অফলাইনে বেমেসাল মব-নৈরাজ্য চালাল—সেসব আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, আমি গত বছরের শুরু থেকেই এসব ফার-রাইট গুণ্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। সে জন্য কুশীলবদের চক্রান্ত এবং ফুটসোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি।
সামনের দিনগুলো সবার জন্য Reckoning-এর।









